২২ অক্টোবর, ২০২৪ ০৭:১৫ পিএম

মেডিভয়েস সাংবাদিকদের হেনস্থা: বিএইচআরএফের নিন্দা

মেডিভয়েস সাংবাদিকদের হেনস্থা: বিএইচআরএফের নিন্দা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসকদের বিবদমান দুই গ্রুপের কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় মেডিভয়েস সাংবাদিকদের হেনস্থার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্বাস্থ্য সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিএইচআরএফ'র সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পাল্টাপাল্টি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যায় মেডিভয়েসের সংবাদকর্মীরা। ঘটনাস্থলে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে ড্যাবের চিকিৎসকদের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে জোর করে ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া এবং সংগৃহিত ভিডিও ফুটেজ ডিলিট করেন তারা।

স্বাস্থ্য সংগঠনটির নেতারা জানান, এই ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করে, যা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকারগুলোর বিরুদ্ধে সরাসরি আঘাত। সংবাদমাধ্যমের কাজ সত্য ও সঠিক তথ্য তুলে ধরা, যা সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জনগণের অধিকার নিশ্চিত করার অপরিহার্য অংশ। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।

বিএইচআরএফ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সকল সাংবাদিককে স্বাধীনভাবে পেশাগত কাজের অধিকার ও নিরাপত্তা প্রদানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যদের নিয়োগ ঘিরে চলমান আন্দোলনের খবর সংগ্রহে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে অধিদপ্তরে যান মেডিভয়েসের নিজস্ব প্রতিবেদক নূর এ আলম নুহাশ ও ক্যামেরাপারসন আবু সাহিদ।

এ সময় তাদের সংবাদ সংগ্রহে বাধা দেয় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এক পর্যায়ে তাদের ওপর চড়াও হয় ড্যাব সদস্যরা। চিকিৎসকদের সঙ্গে বহিরাগতরাও এতে অংশ নেয়। এ সময় জোর করে ক্যামেরায় হাত দেওয়ার পাশাপাশি ধারণ করা বেশ কিছু ভিডিও মুছে দেন তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত