ঢাকা ডেন্টাল ও কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের (অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর ও অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক) নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, ঢাকায় বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ০১ অক্টোবরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ০২ অক্টোবর পূর্বাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তাগণ যোগদানের পর পিডিএস আপডেট করবেন। পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] a প্রেরণ করবেন বলেও নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে।
এনএএন/