ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, আক্রান্ত ৮৬০
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটির এক, ঢাকা দক্ষিণের এক, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এক, বরিশাল বিভাগের দুই এবং চট্টগ্রাম বিভাগের দুইজন রয়েছেন।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯, ঢাকা উত্তর সিটিতে ১৮৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ দিকে এক দিনে সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬