অর্থোপেডিক সার্জন তারিকুল আলমের আকস্মিক মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল আলম নোমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় তার কক্ষে মৃত অবস্থায় দেখেন তার পরিবারের সদস্যরা। পরে মমেক হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ডা. তারিকুল আলমের মৃত্যুর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। তিনি জানান, ডা. তারিকুলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই চিকিৎসকের। এ বিষয়ে উপাধ্যক্ষ বলেন, এদিন রাত ১টার দিকে ওটি করে মেডিকেল থেকে বাসায় যান ডা. তারিকুল আলম। পরে ভোর সাড়ে ৫টার দিকে তারিকুলের কক্ষে তার ভাই গিয়ে মৃত অবস্থায় দেখেন তাকে। মারা যাওয়ার পরেও তার হাতে মুঠোফোন ছিল এবং সেটি চার্জে দেওয়া ছিল। এ অবস্থায় পোড়া গন্ধও পান তার পরিবারের সদস্যরা। তাই ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধ্যরাতের কোনো এক সময় মারা গেছেন এই চিকিৎসক।
পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক দিক দেখছে। তাদের কার্যক্রম শেষে এই চিকিৎসকের জানাজা ও দাফনের বিষয়টি পরিবারের পক্ষ থেকে করা হবে বলে জানান উপাধ্যক্ষ হাবিবুর রহমান।
এভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান তিনি। বলেন, ডা. তারিকুল ছিলেন অনেক মেধাবী ও জনপ্রিয় একজন চিকিৎসক ।
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. তরিকুল আলম। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমএস অর্থোপেডিক্স ডিগ্রি লাভ করেন।
পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের কোষাধ্যক্ষও ছিলেন তিনি। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে তিনি অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয়ের ওপর বৈজ্ঞানিক উপস্থাপনা করেন।
এই অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এনএএন/
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬