চিকিৎসক নিগ্রহ
ঢামেকের ঘটনায় ১, সোহরাওয়ার্দীতে হামলায় গ্রেপ্তার ৪
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় একজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) আলাদা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এতে ব্রিফ করেন ঢামেকের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, ‘গতকাল উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। ইতিমধ্যে ঢামেকে হামলায় জড়িত একজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে হামলাকারী চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।’
ঢামেক, মুগদা ও সোহরাওয়ার্দীতে মেডিকেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এবং দেশদ্রোহীরা অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যান্য হাসপাতালের নিরাপত্তা জোরদার করা না হলে এমন পরিস্থিতি আরও বাড়বে।
এ সময় দুটি দাবি উত্থাপন করেন এই চিকিৎসক প্রতিনিধি। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করে স্বাস্থ্য পুলিশ চালু করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে সীমিত পরিসরে আগামীকাল সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত আউটডোর সেবা চলবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া তাদের দুটি দাবি আদায়ে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
এমইউ/