০১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৩ এএম

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে এনডিএফের বিবৃতি

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে এনডিএফের বিবৃতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। শনিবার (৩১ আগস্ট) এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোড ট্রাফিক এক্সিডেন্টে আহত একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে এবং বিষ খাওয়া রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি) যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এনডিএফ এই সকল ঘটনার তীব্র নিন্দা জানায়। সংগঠনটি এই ধরনের বর্বরোচিত আক্রমণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং চিকিৎসক সমাজের জন্য হুমকিস্বরূপ হিসেবে অভিহিত করে।

এনডিএফ আরও জানায়, চিকিৎসকরা রোগীদের জীবন বাঁচাতে দিনরাত কাজ করেন এবং এ ধরনের আক্রমণ তাদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করতে পারে। এ জন্য, দোষীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়েছে, ঢামেক হাসপাতালসহ দেশের সকল হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো ধরনের শারীরিক বা মানসিক হুমকি ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারেন। এনডিএফ জানায়, তারা চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না।

এনডিএফ নেতারা বিবৃতিতে আরও বলেন, ডাক্তারদের সকল যৌক্তিক দাবি আদায়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সাধারণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। চিকিৎসকদের স্বার্থ রক্ষায় এবং ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় এনডিএফ সর্বদা সক্রিয় থাকবে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক