২০ অগাস্ট, ২০২৪ ০৯:০৯ পিএম

কর্মকর্তারা বিএমডিসি আইন পরিবর্তনের ক্ষমতা রাখে না: মন্ত্রণালয়

কর্মকর্তারা বিএমডিসি আইন পরিবর্তনের ক্ষমতা রাখে না: মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ পরিবর্তন বা পরিমার্জনের ক্ষমতা কোনো কর্মকর্তার নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে স্বাস্থ্য সহকারীদের চিকিৎসক পদবী ব্যবহার সংক্রান্ত খবরটিকে ‘গুজব’ বলে উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাসকৃত চিকিৎসক ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। বিএমডিসির কোনো কর্মকর্তা এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না।’

এতে আরও বলা হয়, ‘শুধুমাত্র মহান জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে। এমতাবস্থায় ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।’

প্রসঙ্গত, ম্যাটস, ডিএমএফ এবং এলএমএফ পাশ করা মেডিকেল সহকারীদের বিএমডিসি ডিপ্লোমা মেডিকেল প্র্যাক্টিশনার হিসেবে বিবেচনা করছে বলে অভিযোগ করা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এই অভিযোগ আগামীকাল বুধবার বিএমডিসি অভিমুখে লংমার্চের ঘোষণাও দিয়েছেন তারা।

যদিও এর আগে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কারো ডাক্তার পদবী ব্যবহারের সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিএমডিসি। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত