আন্দোলন প্রত্যাহারের আহ্বান
কোটা সংস্কারের পক্ষে সরকার: আইনমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে আছে উল্লেখ করে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীদের আলোচনার বসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা চাইলে আজ বিকেলেই বৈঠক হতে পারে। বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। এ বিষয়ে তাঁকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী সাত আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মাঝে গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়। এ ছাড়া গতকাল বুধবারও বিভিন্ন ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ ও র্যাব। আজ বৃহস্পতিবারও ঢাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশনা আসে।
এনএআর/