স্বাস্থ্যসেবার যেসব খাতে খরচ কমছে
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’শীর্ষক এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এই বাজেটে স্বাস্থ্যখাতের বেশ কিছু জায়গায় কমানো হয়েছে ব্যয়। ফলে রোগীদের চিকিৎসা খরচ কমতে যাচ্ছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, পূর্বের মতোই এ বছরও স্বাস্থ্যখাতে গুরুত্ব আরোপ করা হয়েছে। সে অনুযায়ী নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, বাজেটে কিডনি চিকিৎসার গুরুত্বপূর্ণ উপাদান ফিল্টার এবং সার্কিটের শুল্ককর কমানো হয়েছে। যেখানে আগে এ পণ্য আমদানিতে শুল্ক ছিল ১০ শতাংশ, আসন্ন বাজেটে সেটি ৯ শতাংশ কমিয়ে এক শতাংশ করা হয়েছে।
নির্দিষ্ট এইচএস কোডের অভাবে আগে স্পাইনাল নিডেল আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্সে জটিলতা ছিল। বাজেটে এই পণ্যের জন্য এইচএস কোড সৃষ্টির পাশাপাশি আমদানিতে পাঁচ শতাংশ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
একইভাবে চিকিৎসাসেবা সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স হ্রাসকৃত শুল্কে আমদানির সুবিধা দেওয়া হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের দাম কমবে।
অ্যাম্বুলেন্স আমদানির বিষয়ে বলা হয়েছে, এর ন্যূনতম দৈর্ঘ্য নির্ধারিত না থাকায় শুল্কায়নে জটিলতা দেখা যায়। উক্ত জটিলতা নিরসনে আমদানির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জার কেবিনের ন্যূনতম দৈর্ঘ্য নয় ফুট নিরূপণ করে দেওয়া যুক্তিযুক্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট এইচএস কোডের বর্ণনা পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। যদিও ডেঙ্গু রোগীদের এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষার খরচ সরকারি হাসপাতালের জন্য ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা আছে। বাজার নিয়ন্ত্রণের আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কাঁচামাল যোগ হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা খরচ কমে আসবে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এ বাজেটে স্বাস্থ্যখাতে গত বছরের চেয়ে ৩ হাজার ৩৫৬ কোটি বাড়িয়ে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। স্বাস্থ্যখাতে এই বরাদ্দ মোট বাজেটের প্রায় ৫ দশমিক ২ শতাংশ।
আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আগামী ৩০ জুন সংসদে আনুষ্ঠানিকভাবে সংসদে এই বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
এনএএন/