প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা বিতরণ হবে শুধু নগদে
মেডিভয়েস রিপোর্ট : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাংলাদেশ ডাক অধিদপ্তর এবং নগদ লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। ফলে এখন থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা একমাত্র নগদ বিতরণ করবে।
রোববার (০২ জুন) বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএফএস প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তি অনুযায়ী শুধু নগদের মাধ্যমে এই ভাতা বিতরণ করা হবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি শিকদার উপস্থিত ছিলেন।
চুক্তিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার। এ ছাড়া বাংলাদেশ ডাক অধিদপ্তরের পক্ষে পরিচালক (পরিকল্পনা) মো. আবু তালেব এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাথমিক শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভাতা স্বচ্ছভাবে বিতরণ করায় নগদের সাফল্যের কারণেই ডাক বিভাগের এই ডিজিটাল সেবাকে একক দায়িত্ব দিয়েছেন তারা।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সদিচ্ছায় এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গড়ে উঠেছে। এই ট্রাস্ট স্বচ্ছভাবে অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। বাংলাদেশ ডাক বিভাগের সেবাকে ডিজিটালাইজেশন করতে নগদ সরকারের সঙ্গে কাজ করছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ভাতা বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত রাখায় নগদের ওপর আস্থা রেখেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।’
অনুষ্ঠানে নগদের পক্ষে নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেন, ‘সরকারের অংশীদার হিসেবে দেশের প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নগদ। এরই অংশ হিসেবে ২৭টি মন্ত্রণালয়ের ভাতা সফলতার সঙ্গে বিতরণ করছে নগদ। এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণের জন্য একমাত্র এমএফএস হিসেবে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, এই আস্থার প্রতিদান আমরা দিতে চাই।’
এনএএন/