এমবিবিএস: সরকারি মেডিকেলে ভর্তি শুরু
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি শুরু হয়েছে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি)। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)।
মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।
সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১হাজার ৩ জন। ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে এবছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।
মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬%) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।