টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে আড়াইশ’ স্বাভাবিকসহ ২৭৯ সন্তান প্রসব
মেডিভয়েস রিপোর্ট: টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে (জানুয়ারি) স্বাভাবিক উপায়ে ২৫০ শিশুসহ ২৭৯টি প্রসব হয়েছে। হাসপাতালের বরাতে এমন খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মা ও নবজাতক সকলেই বর্তমানে সুস্থ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রণয় রুদ্রের উদ্যোগে ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লক্সের ডেলিভারিরুমে জরুরি আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থা করা হয়েছে। এতে প্রসবের সময় সার্বক্ষণিক গর্ভস্থ শিশুর অবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ডেলিভারি প্রক্রিয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজতর হয়েছে।
হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় টেকনাফ উপজেলার প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবার মান দিন দিন এক অনন্য অবস্থানে এসে পৌঁছেছে।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার এমন অগ্রগতিতে হাসপাতাল সংশ্লিষ্টদের প্রশংসায় পঞ্চমুখ এলাবাসীর মূল্যায়ন—‘এটি উপজেলা হাসপাতাল, সদর হাস্পাতাল নয়। কম লোক বল আর নানা সীমাবদ্ধতা নিয়েও এত বড় সফলতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’
এএনএম/