মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম
গোপালগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান: লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২০ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, নিউ আনন্দলোক ডায়াগনস্টিককে ১০ হাজার, পদ্মা ডায়াগনস্টিককে ১০ হাজার, সেন্ট্রাল হাসপাতালকে ১০ হাজার ও মিলন ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রত্যেক প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে যাবতীয় নিয়ম অনুসরণ না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মো. রাসেল আহমেদসহ, নির্বাহী ম্যজিস্ট্রেট শপথ বৈরাগী ও ডা. মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েলের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
এদিকে বিভিন্ন অনিয়ম বন্ধে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা বলেন, গোপালগঞ্জে চিকিৎসা সেবা ব্যবসায় পরিণত হয়েছে। অনেক দিন পরে হলেও প্রশাসনের এ রকম উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
এর আগে গত ১৭ জানুয়ারি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে জেনারেল হাসপাতাল সংলগ্ন নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শিকদার-অর্থীন ডায়াগনস্টিক সেন্টার ও আল রাজী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসব প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া দালাল চক্রের চার সদস্যকে চিহ্নিত করে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং তিন সদস্যকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়।
প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করা পর্যন্ত শহরের সেতু ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এএনএম/