রোগী দেখার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখার সময় হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগী বান্ধব চিকিৎসক ছিল। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গর্তীরভাবে শোকাহত।’
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন (বিমএ) মৌলভীবাজার শাখার সভাপতি ডা. সাব্বির খান বলেন, ‘রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ ম্যাসিভ সিভিএ স্ট্রোক।’
ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।
ডা. শফিক উদ্দিন আহমদের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এসএস
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬