১৩ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৪ এএম

হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ: বেশি আদায়ে ২ বছরের জেল, ২ লাখ টাকা জরিমানা

হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ: বেশি আদায়ে ২ বছরের জেল, ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (১২ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মোহাম্মদ ইউসুফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের নির্দেশনা জারি করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি, জনসাধারণের কথা বিবেচনা করে আগের চেয়ে দাম কমানো হয়েছে। নির্ধারিত এই দামের বেশিতে বিক্রয় করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিসক আইন ২০২৩ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশের ঔষধ ও চিকিৎসা ডিভাইস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। 

ওই চিঠি অনুযায়ী, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০ (১) ধারা মোতাবেক করোনারি স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করেছে। কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সকল হাসপাতালকে ৫টি নির্দেশনাও দেয়া হয়েছে। 

নির্দেশনাগুলো হলো—

১. সকল হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের মূল্য তালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। 
২. হার্টের রিং সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা করতে হবে। 
৩. রিংয়ে নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। 
৪. রোগীকে ব্যবহৃত রিংয়ের প্যাকেট সরবরাহ করতে হবে। 
৫. রিংয়ের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, উৎপাদক দেশ ও মূল্য সম্বলিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে। রিংয়ের খুচরা দাম সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা।

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রিংয়ের দাম আগের চেয়ে দাম কমানো হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে ঔষধ ও কসমেটিকস আইনে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে অধিদপ্তর।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত