রংপুর মেডিকেলে চালু হচ্ছে এমডি-এমএসের আরও পাঁচ বিষয়
মেডিভয়েস রিপোর্ট: এমডি-এমএস কোর্সের নতুন বিষয় চালু ও চলমান কোর্স মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত রংপুর মেডিকেল কলেজ (রমেক) পরিদর্শনে গেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ লক্ষ্যে আজ শনিবার (৯ ডিসেম্বর) বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে রংপুরে রয়েছে বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
এ বিষয়ে জানতে প্রতিনিধি দলের অন্যতম সদস্য বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের সঙ্গে সন্ধ্যায় মেডিভয়েস প্রতিবেদকের কথা হয়।
তিনি বলেন, ‘রংপুর মেডিকেল কলেজে নতুন যেসব বিষয় চালুর সম্ভাব্যতা যাচাই করছি আমরা, সেগুলো হলো—গ্যাস্ট্রোএন্টারোলজি ও এ্যান্ডোক্রাইনোলজি বিষয়ক এমডি কোর্স, অর্থোপেডিক সার্জারি ও ইউরোলজি বিষয়ক এমএস কোর্স, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক এমডি কোর্স।’
তিনি আরও বলেন, কোর্স পরিচালনায় যেসব মানদণ্ড রয়েছে সেগুলো কলেজে বিদ্যমান আছে কিনা, তা যাচাই করছে প্রতিনিধি দল। একই সঙ্গে আগে থেকে চলমান বিষয়গুলোর মান নিশ্চিতের বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজে চলমান এমডি, এমএস, এমফিল ও ডিপ্লোমা কোর্স মূল্যায়ন করবে এ সংক্রান্ত গঠিত পর্যবেক্ষণ দল। এ ছাড়াও দীপ ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজিতে ডিপ্লোমা ইন অফথালমোলজি কোর্স অধিভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট পরিদর্শন টিম।
রংপুর মেডিকেল সূত্রে জানা গেছে, এরই মধ্যে এই মেডিকেল কলেজে সার্জারি, মেডিসিন, গাইনি ও পেডিয়াট্রিকের এমডি-এমএস কোর্স চলমান।
প্রতিনিধি দলের বিভিন্ন পরিদর্শন টিমে রয়েছেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. জাফর খালেদ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীর, ঢাকা মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাফেজা আফতাব, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ, অফথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোস্তাক আহম্মদ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুদীপ্ত দাসগুপ্ত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমালজি এ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন এর অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বিএসএমএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, কমিউনিট অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবীর, বিএসএমএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. জিললুর রহমান, বিএসএমএমইউর অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক ডা. আফিয়া শাহনাজ প্রমুখ।
এএনএম/