ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭০
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭০ জন ডেঙ্গুরোগী।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ জন, ঢাকার বাইরের ৫ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গুরোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৫ হাজার ৪২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ চার হাজার ২২৭ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৯০ হাজার ৮১৫ জন। গত ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ ৮৭ হাজার ৬৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ৮০০ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৮৫ হাজার ৮৪১ জন।
টিআই/এএনএম