স্তন ক্যান্সার সচেতনতায় কৃতজ্ঞতা স্মারক পেলেন ২৫ সাংবাদিক
মেডিভয়েস রিপোর্ট: স্তন ক্যান্সার সচেতনতায় ভূমিকা রাখায় কৃতজ্ঞতা স্মারক পেয়েছেন ২৫ জন সাংবাদিক। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে ব্যতিক্রমী ও সমন্বিত স্তন ক্যান্সার সম্মেলনে এই স্মারক উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মোহাম্মদপুরের বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন হয়।
সম্মেলনে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম গত তিন বছরে অসাধারণ সহযোগিতার জন্য ২৫ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক উপহার দিয়েছে। স্মারক উপহার পাওয়া সাংবাদিকরা হলেন- ২০২১ সালের জন্য মানসুরা হোসাইন, নাদিরা কিরণ, শাহনাজ শারমীন, শাহনাজ পলি ও সেবিকা দেবনাথ। ২০২২ সালের জন্য পেয়েছেন জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল, হামিমুল কবীর, সেলিনা শিউলি, আঙ্গুর নাহার মন্টি, জান্নাতুল বাকেয়া কেকা, ফেরদৌস মোবারক, নুরুল ইসলাম হাসিব, জান্নাতুল ফেরদাউস ও নাসরিন সুলতানা। ২০২৩ সালের জন্য হাসান মিসবাহ, মুজাহিদ শুভ, রাশেদ রাব্বি, রাবেয়া হোসেন, রীতা নাহার, জাকিয়া আহমেদ, লাবনী গুহ রায়, ইয়াসমিন পিউ, লাভলী বিথী ও জাহিদ হাসান।
ব্যতিক্রমী ও সমন্বিত স্তন ক্যান্সার সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, সাবেক সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নিজামুল হক, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক সা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এই সম্মেলনে ক্যান্সার প্রতিরোধে যারা কাজ করেন সেসব সংগঠক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং ভুক্তভোগীদের জন্য তাদের উপযোগী বৈজ্ঞানিক অধিবেশন ছিল। পাশাপাশি স্তন ক্যান্সারের আর্থ-সামাজিক প্রভাব, স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা, জাতীয় কৌশল ও কর্মসূচি পর্যালোচনা ও করণীয় নিয়ে মতবিনিময় হয়।
টিআই