কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস রিপোর্ট: কালাজ্বর নির্মূলে বিশ্বে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আজ দুপুরে ভারতের দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনে এই স্বীকৃতির সনদপত্র গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী হাতে সনদপত্র তুলে দেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস উপস্থিত ছিলেন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ পাওয়ার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম হওয়ায় এটি একটি জাতিগত প্রশংসিত অর্জন হয়েছে। এ অর্জনে দেশের স্বাস্থ্যখাতসহ আমরা সকলেই গর্বিত।
জাহিদ মালেক এই অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরামর্শ ও নির্দেশনার কথা উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিআই