২৫ অক্টোবর, ২০২৩ ০৬:০০ পিএম

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এই শোক বার্তা দিয়েছে।

এতে বলা হয়, ‘ডা. রিদওয়ানুর রহমান ছিলেন বাংলাদেশে মেডিসিন বিভাগে একজন কিংবদন্তি শিক্ষক ও দেশবরেণ্য চিকিৎসক। ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তাঁর গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সকল মহলে অনেক সমাদৃত হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ১৬৭টি পাবলিকেশন এবং ৫ হাজার ২৮৪টি সাইটেশন রয়েছে৷ তাঁর মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য অপূরণীয় ক্ষতি।’

তিনি ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করেন। ১৯৮৩ সালে বিসিএস পঞ্চম ব্যাচের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাস্থ্য ক্যাডারে একজন নবীন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে তিনি তাঁর কর্মজীবন শেষ করেন৷

শোক বার্তায় আরও বলা হয়, মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গিয়েছেন। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারি শোকাভিভূত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্রসঙ্গত, আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে বুধবার ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। পরে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক