ডা. জহিরুলের হত্যাকারীদের বিচার দাবিতে বিএমএ-স্বাচিপের কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হকের হত্যাকারীদের বিচারের দাবিতে যৌথ কর্মসূচি দিয়েছে কুমিল্লা জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরষিদ (স্বাচিপ)।
ডা. জহিরুল হক কুমিল্লা বিএমএ ও স্বাচিপের আজীবন সদস্য ছিলেন।
কর্মসূচিতে বুধবার (২৫ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জেলার সকল মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতল ও ক্লিনিকের চিকিৎসকেরা কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া ডা. জহিরুল হকের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবি সম্বলিত শোক ব্যানার জেলার সকল মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রদর্শন করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিবেন বিএমএ ও স্বাচিপের নেতারা।
দাবি আদায়ে জনমত সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চিকিৎসকরা মানববন্ধন করবেন।
ডা. জহিরুল হক হত্যাকাণ্ডের প্রতিবাদ, খুনিদের শাস্তি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সোমবার (৩০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে শোক সভা ও দোয়ার আয়োজন করা হবে। যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করবে কুমিল্লা বিএমএ, স্বাচিপ, কুমিল্লা মেডিকেল কলেজ এলামনাই সোসাইটি, বিপিএ ও বিপিএমপিএ।
প্রসঙ্গত, গত শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ডা. জহির ও তার স্ত্রী হিমিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ডা. জহিরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর সকাল সাড়ে ৬টায় মারা যান তিনি।
টিআই/এএনএম