ফরিদপুরে ডেঙ্গুতে মোট মৃত্যু ৯৬
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৬ জনে। একই সময় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০৬ জন ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তি হলেন হরশিত মন্ডল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯১ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত এক মাস ধরেই অবনতির দিকে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু হচ্ছে। আমাদের সক্ষমতা মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। আর মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।