স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি
মেডিভয়েস ডেস্ক: স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিলাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর স্টেট ইউনিভার্সিটিতে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এক সেমিনারের এসব কথা বলেন বক্তারা। এই সেমিনারের আয়োজন করে ইনার হুইল ক্লাব অফ জাহাঙ্গীনগর ঢাকা, এবং এই আয়োজনের স্বাস্থ্য বিষয়ক পার্টনার ছিল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ ছাড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ১৮ টি ক্লাব। সেমিনারে স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা ১০ নারীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা বলেন, প্রতিবছর সারাবিশ্বজুড়ে ১৫ লাখেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতিলাখে ১৫ জন নারী মারা যান। এ ছাড়া প্রতি ৮ জনে ১ জন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। তবে স্তন ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়ে যায়, যদি প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা হয়। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
সেমিনারে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা বলেন, স্তন ক্যান্সারকে ভয় না পেয়ে এটির মোকাবিলা করতে হবে। চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তা জানতে হবে। স্তন ক্যান্সার সচেতনতায় বার বার স্ক্রিনিংয়ের ওপর জোর দেন তিনি।
এই চিকিৎসক বলেন, স্তন ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যায়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়।
স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ও এই বিষয়ক নানা তথ্য তুলে ধরেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. মো. ইউসুফ আলী।