সিকিমে বন্যায় ১৪ জনের মৃত্যু, ২২ সেনাসহ নিখোঁজ ১০২
মেডিভয়েস ডেস্ক: ভারতের সিকিম রাজ্যে অতি বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২২ জন সেনাসদস্যসহ ১০২ জন নিখোঁজ রয়েছেন।
এক সরকারি কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, সিকিম রাজ্যের ১৪টি সেতু ভেঙে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।
সিকিমে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টি হয়। বৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বৃষ্টির পাশাপাশি চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এ কারণে সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হন। বেশ কয়েকটি গাড়ি পানির নিচের কাদায় আটকে যায় বলে জানায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।
গতকাল বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ ২৩ সেনাসদস্যের মধ্যে ১ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ২২ জন নিখোঁজ।