আড়াইহাজারে গ্যাস লিকেজ: নিহতের সংখ্যা বেড়ে ৩
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সোহান (৪৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত আড়াইটার দিকে মারা যাওয়া সোহানের শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল। সোহানের এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। এ ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের অবস্থাও আশঙ্কাজনক।’
এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে এ গ্যাস লিকেজের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে কানিজ খাদিজা নামে একজনের মৃত্যু হয়। দুপুরে মারা যান সায়মা আক্তার। হাসিনা মমতাজ নামের একজন এখনও চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।