চট্টগ্রামে কলেরা টিকার ২য় ডোজ প্রদান শুরু অক্টোবরে
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের বন্দর টিলা ও দক্ষিণ হালি শহরে এক লাখ ৩৫ হাজার বসবাসকারীকে প্রথম ডোজ কলেরা টিকাদান কার্যক্রম শেষ হবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায়। এরপর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। কমপক্ষে ১৪ দিন অন্তর প্রদেয় এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও নিরাপদ। টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভি-এর আর্থিক সহায়তায় কলেরা টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি কর্পোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের জন্য কলেরার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট-এ চট্টগ্রামের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর এলাকায় প্রথম বারের মতো শুরু হওয়া কলেরা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।