চক্ষু রোগ বিশেষজ্ঞ সেজে প্রতারণা, চিকিৎসা সহকারীর কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: চক্ষু রোগ বিশেষজ্ঞ সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে ইয়ার হোসেন নামে একজন চিকিৎসা সহকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ৫ সেপ্টেম্বর তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, এক ভুয়া চিকিৎসক কিছুদিন ধরে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন—এমন অভিযোগের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রায়হান ইসলাম শোভন এবং সদ্য যোগদান করা জুনিয়র কনসালটেন্ট (আই) ডা. শাজাহান সিরাজ উপজেলার শিমুলতলা বাজারে চিকিৎসা সহকারীর চেম্বারে আকস্মিক উপস্থিত হন।
সেখানে গিয়ে তারা দেখতে পান, ইয়ার হোসেন নামে একজন ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে রোগীদের প্রতারিত করছেন। এখতিয়ারের বাইরের ওষুধ প্রেসক্রাইব করার পাশাপাশি যোগ্যতা না থাকা সত্ত্বেও রোগীদের চোখ পরীক্ষা করছিলেন। এমনকি লাইসেন্স না থাকলেও বেআইনিভাবে রোগীদের কাছে বিক্রি করছিলেন ওষুধ ও চশমা। সেই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্প পরিচালনা করছিলেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমাম রাজী টুলু ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতারককে কারাদণ্ড প্রদান করেন।