ডেঙ্গুতে নার্সিং শিক্ষার্থী অংকন মিত্রের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নার্সিং শিক্ষার্থী অংকন মিত্র। আজ শনিবার (২২ জুলাই) সকাল আটটার দিকে রাজধানীর গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অংকন মিত্র রাজধানীর আনোয়ার খান মডার্ণ নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অংকন মিত্রের মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আনোয়ার খান মডার্ণ নার্সিং কলেজ। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এদিকে দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন দুই হাজার ২৪২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৮০০ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৬২ জন। ঢাকায় ১৪ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে আট হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
-
২৩ মে, ২০২৪
-
২২ জুলাই, ২০২৩
-
২২ অগাস্ট, ২০২১