ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এদের ৮০ শতাংশই হাসপাতালে ভর্তির এক থেকে তিন দিনের মধ্যে মারা গেছেন। বাকিদের মধ্যে ১৪ শতাংশ ৪-১০ দিনের মধ্যে এবং ৬ শতাংশের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির ১১-৩০ দিনের মধ্যে। সর্বশেষ রোববার থেকে সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন রোগী। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন ও ঢাকার বাইরে ২৬২ জন।
সোমবার ( ৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর লক্ষণের ওপর নজর দিতে পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
ডেঙ্গুর লক্ষণ
শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি নিচের লক্ষণগুলো দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
১. তীব্র মাথা ব্যথা
২. চোখের পেছনে ব্যথা
৩. শরীরের পেশি ও জয়েন্টসমূহে ব্যথা
৪. বারবার বমি করার প্রবণতা
৫. নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া
৬. শরীরে র্যাশ ওঠা।
তীব্র ডেঙ্গুর লক্ষণ
ডেঙ্গু হওয়ার ৩ থেকে ৭ দিন পর শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা হতে পারে। ক্রমাগত বমি করা, বমির সাথে রক্ত যাওয়া, ঘনঘন শ্বাস নেওয়া। এ ছাড়া শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতা বোধ করা।
সতর্কতা
ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।
মশার প্রজনন রোধে করণীয়
ঘরে ও আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিনদিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা ও ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে। পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।
এএইচ/এমইউ
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬