আড়াইশো কোটি টাকার ওষুধ পাচ্ছে কমিউনিটি ক্লিনিক
মেডিভয়েস রিপোর্ট: দেশের ১৪ হাজার ২০০ কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫০ কোটি টাকার ওষুধ ক্রয় করবে সরকার। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২৭ প্রকারের ওষুধ ক্রয় করা হবে।
আজ বুধবার (১৪ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়ালি বৈঠকে কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেজড হেলথ কেয়ার কর্তৃপক্ষ (সিবিএইচসি) কর্তৃক দেশে ১৪ হাজার ২০০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকার ওষুধ সম্বলিত প্রতি কার্টন ওষুধ ২২ হাজার ১৬৪ টাকা হিসাবে ১ লাখ ১২ হাজার ৭৯০ কার্টন ওষুধ কেনা হবে। ওষুধ ক্রয়ে মোট ব্যয় হবে ২৪৯ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা। সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
এসএস