বিশ্ব দুগ্ধ দিবস আজ
মেডিভয়েস ডেস্ক: বিশ্ব দুগ্ধ দিবস আজ বৃহস্পতিবার (১ জুন)। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই দুগ্ধ শিল্প; সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’। দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতা নিয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০০১ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে। এর অংশ হিসেবে এ বছরও দিবসটি উদযাপনে নানান আয়োজন করা হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে দেশের দুগ্ধ খাতের ৪১ জন সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে একটি র্যালি হয়েছে। এছাড়াও বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় ঢাকার দশটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ক্ষেত্রে সহযোগিতা প্রদানে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলো হলো-প্রাণ ডেইরি, মিল্ক ভিটা, আকিজ ডেইরি, ব্রাক ডেইরি এবং রংপুর ডেইরি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাণিসম্পদ খাতের বিজ্ঞানী-গবেষক, উদ্যোক্তা, খামারি এবং গণমাধ্যমকর্মীরা দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ঢাকার বাইরেও প্রকল্পের আওতাভুক্ত ৬১টি জেলায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উপলক্ষে নেওয়া হয়েছে নানামুখী কর্মসূচি। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়-এতিমখানার শিশুদের দুধ খাওয়ানো, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, র্যালি, সভা ইত্যাদি আয়োজন করা হচ্ছে।