০৫ মে, ২০২৩ ০৫:৩৮ পিএম

‘তথ্য থেকে বাস্তবে, সকল মিডওয়াইফ এক সাথে’

‘তথ্য থেকে বাস্তবে, সকল মিডওয়াইফ এক সাথে’
বিশ্ব মিডওয়াইফ দিবসে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন।

মেডিভয়েস রিপোর্ট: ‘তথ্য থেকে বাস্তবে, সকল মিডওয়াইফ এক সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ মে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

একজন মিডওয়াইফ বা ধাত্রী গর্ভাবস্থায়, প্রসব বেদনা এবং প্রসবের প্রারম্ভিক অবস্থায় নারী এবং শিশুদের পরামর্শ, যত্ন এবং সহায়তা দিয়ে থাকেন। তিনি গর্ভাবস্থার সময়ে নারীদের তত্ত্বাবধানে রেখে বিভিন্ন স্বাস্থ্য সেবা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন এবং স্বাস্থ্য ও শিশুর পরিচর্যা বিষয়ক উপদেশ দেন।

মাতৃ ও শিশু মৃত্যু রোধে বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের অন্যতম সংযোজন মিডওয়াইফ বিভাগ। এ সরকারের আমলে সারা দেশে প্রতিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে পর্যাপ্ত সংখ্যক মিডওয়াইফ, যাদের হাত ধরে অভূতপূর্ব সফলতার মুখ দেখেছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি। উল্লেখযোগ্য হারে কমে এসেছে মাতৃ মৃত্যু।

তাই আজকের এই দিনে সকল মিডওয়াইফদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, আপনাদের (মিডওয়াইফদের) হাত ধরেই অর্জিত হবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি)।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তথ্যমতে, ২০১০ সালে জাতিসংঘের ৬৫তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মিডওয়াইফারি সেবা এগিয়ে নিতে প্রতিশ্রুতি দেন। তার সেই প্রতিশ্রুতির আলোকে সারাদেশের গর্ভবতী মা ও নবজাতকের মানসম্মত সেবা নিশ্চিত করতে ৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এক হাজার ৩১২টি ইউনিয়ন সাব সেন্টারে তিন হাজার মিডওয়াইফ পদ সৃষ্টি করা হয়। ৩৪২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৯টি ইউনিয়ন সাব সেন্টারে এক হাজার ১৪৯ জন রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়। পিএসসির আওতায় আরও এক হাজার ৮৫০ জন মিডওয়াইফ নিয়োগের কাজ প্রক্রিয়াধীন।

২০১৩ সালে দেশে প্রথম ২০টি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে ৫২৫ আসনে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়। বর্তমানে সেখানে সরকারি ৪১টি সরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ৫০টি আসন বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বেসরকারি আরও ৪১টি প্রতিষ্ঠানে এক হাজার ৮০টি আসনে ভর্তি কার্যক্রম চলছে। সারাদেশে চার হাজার ৪০০ জন রেজিস্ট্রার মিডওয়াইফ রয়েছেন।

প্রসঙ্গত, দিবসটির স্বীকৃতি পেতে ১৯৮০ সাল থেকে দাবি তোলা হয়। পরে ১৯৯২ সালে ৫ মে তারিখটি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ঘোষিত হয়।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক