স্বাস্থ্যসেবা ও সুরক্ষা শ্রমিকদের আইনগত অধিকার: আইনমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা ও সুরক্ষা প্রত্যেক শ্রমিকের আইনগত অধিকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাকে জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’।
আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের শোভন কর্মপরিবেশ সৃষ্টির বিষয়টি সবার আগে গুরুত্ব দিতে হবে। মালিকপক্ষ ও শ্রমিক পক্ষ একসঙ্গে নিরাপদ এবং শোভন কর্মপরিবেশ তৈরি করতে হবে। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি এক্ষেত্রে আমাদের অগ্রগতি কেউ ধরে রাখতে পারবে না। এজন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
আনিসুল হক বলেন, ইতোমধ্যে বাংলাদেশের শিল্প কারখানা বেড়েছে কয়েক গুণ। তৈরি হয়েছে অসংখ্য নতুন নতুন কর্মক্ষেত্র। এ দেশের রপ্তানি বাণিজ্য আজ বিশ্বব্যাপী সমাদৃত। রপ্তানি বাণিজ্যের বাজার ধরে রাখার পাশাপাশি আরও বিস্তৃত করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ও কর্মক্ষেত্রে কল্যাণমূলক সুবিধাসমূহ নিশ্চিত করাসহ উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।
এ সময় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএস