বিএসএমএমইউয়ে প্রথমবারের মতো ঝুঁকিভাতা চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ঝুঁকিভাতা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বছরে তাদেরকে কমপক্ষে ২টি ঝুঁকিভাতা প্রদান করা হবে।
সোমবার (১৭ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথম ঝুঁকিভাতা পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে ভাতা পেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। একই সাথে ঝুঁকিভাতা প্রাপ্ত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন।
নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু হওয়ায় দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর আগে বিগত কয়েকটি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আসলেও তা শুধু আশ্বাসের মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ২০২১ সালের ২৯ মার্চ দায়িত্বভার গ্রহণ করার পর অনেককিছুই বাস্তবায়ন হয়েছে যা এর আগের কোনো ভিসি করেননি।
শারফুদ্দিন আহমেদ ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সাধারণ জরুরি বিভাগ চালু হয়েছে। চাকুরী নিয়মিত করা হয় প্রায় এক হাজার কর্মচারীর। প্রথমবারের মতো ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু, প্রথমবারের মতো হেলথ কার্ড চালু, ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ, হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট ক্লিনিক চালু, প্রথমবারের মতো গর্ভাবস্থায় ভ্রুণের ত্রুটির ঝুঁকি নির্ণয়ে পরীক্ষা চালু, শিক্ষক ও চিকিৎসকদের মাঝে গবেষণা অনুদান বৃদ্ধি করে ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লক্ষ টাকায় উন্নীত, ব্রেন ডেথ রোগীর অঙ্গদানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সফল ক্যাডাভেরিক কিডনি ও কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা ইত্যাদি।