সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭
মেডিভয়েস রিপোর্ট: সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত প্রবেশ লাল শর্মা (৫৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
রোববার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন প্রবেশ লাল। রোববার সকালে অস্ত্রোপচার সম্পন্ন হলেও তার অবস্থা 'খুবই সংকটাপন্ন' বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
রোববার বিকেলে সীতাকুণ্ডের এই বিস্ফোরণের ঘটনায় নিহত ৬ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিস্ফোরণে নিহত ৬ জন হলেন, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামছুল আলম (৫৬), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আবদুল কাদের (৫৮), লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩০) ও ময়মনসিংহ জেলার সেলিম রিচিল। নিহত ৬ জনের মধ্যে শামছুল আলম ও সালাহউদ্দিন কারখানার কর্মী নন। ঘটনার সময় তারা ছিলেন কারখানা থেকে আধা কিলোমিটার দূরে।