হবিগঞ্জে ‘অবৈধ’ হাসপাতাল মালিকের ছয় মাসের কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: এনেস্থেসিওলজিস্টের অনুপস্থিতিতে সিজারিয়ান অপারেশন, রেগুলার নার্স না থাকাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জের ‘দি জাপান-বাংলাদেশ হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালের মালিক আরিফুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৫ জানুয়ারি) জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেলা সিভিল সার্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজ দুপুরে হাসপাতালটিতে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে সিজারিয়ান অপারেশনকারী একজন চিকিৎসক সেখান থেকে পালিয়ে যান। পরে দেখা যায় হাসপাতালটিতে এনেস্থেসিওলজিস্ট, নার্স ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই।’
হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বলেন, ‘দি জাপান-বাংলাদেশ হাসপাতালে বৈধ কাগজপত্র নেই। অপারেশনের পরপরই সেখানে গিয়ে চিকিৎসক ও এনেস্থেসিওলজিস্টকে পাওয়া যায়নি। আমি নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানটির নামে মামলা দায়ের করেছি।’
তিনি আরও জানান, যে রোগীটিকে সিজারিয়ান অপারেশন করা হয়েছে, তাকে সেখান থেকে এনে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযানে নির্বহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক উপস্থিত ছিলেন।
এসএস