দেশে শিশু ও মাতৃ মৃত্যু হার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে শিশু ও মাতৃ মৃত্যু হার কমেছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোলা জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। আমাদের টিকা কর্মসূচি বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।’
তিনি বলেন, ‘করোনা টিকাদানে আমাদের দেশ বিশ্বের কাছে বেশ প্রশংসিত হয়েছে। আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে। দেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘২৫০ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমাদের উপজেলা হাসপাতালগুলোতে ৫০ শয্যা রয়েছে। কিছু কিছুতে ১০০ শয্যা রয়েছে। আগামীতে ১৯৯ শয্যার কার্যক্রম চলমান থাকবে।’
এ সময় মন্ত্রী বলেন, ডাক্তার-নার্সদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি হাসপাতালের যত্ন নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনসহ প্রমুখ।
এসএস/ এআইডি