স্বাচিপের ফ্রি মেডিকেল ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে এ মেডিকেল ক্যাম্প উদ্বাধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। তার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
মো. আতিকুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে চিকিৎসা দিতে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন চিকিৎসা সেবা দেবে। এটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কল্যাণপুর বস্তির স্বল্পআয়ের মানুষের জন্য উপহার।
এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসাসেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাচিপের নেতারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বল্পআয়ের মানুষকে চিকিৎসাসেবা দিতেই এ পদক্ষেপ।
এ সময় ডিএনসিসি মেয়র বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান ও ২০ হাজার মাস্ক সরবারাহের ঘোষণা দেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি প্রমুখ উপস্থিত ছিলেন।