০৮ জানুয়ারী, ২০২৩ ১২:২৮ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই: বিএসএমএমইউ ভিসি

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি বলেন, উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরণে ই-ফাইলিং এর কার্যক্রম শুরু করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: স্মার্ট বাংলাদেশ গড়তে প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদিন আহমেদ।

আজ রোববার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী ‘মান নিশ্চিতকরণ ও কর্মদক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা ও সদ্য ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে বারবার প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নাই। প্রশিক্ষণ কাজের একঘেয়েমি দূর করে নতুন কিছু ভাবতে শেখায়।

তিনি বলেন, উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরণে ই-ফাইলিং এর কার্যক্রম শুরু করতে হবে। বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পেপারলেস অবস্থায় যেতে হবে। যে কোনও প্রতিষ্ঠানে কর্মরতদের নেতৃত্বের গুণ থাকতে হবে। কেউ আসলে তার কথা শোনার ধৈর্য্য থাকতে হবে। সময় মতো অফিসে আসতে হবে। ডিসিপ্লিন হতে হবে। সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। মানসিক শক্তি নিয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কাজ দেওয়া হলে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আরেকটা বিষয় কোনো দপ্তরেই যেনো কোনো ফাইল কয়েক ঘণ্টার বেশি না থাকে অর্থাৎ কোনো ফাইল আসার সাথে সাথেই সেই ফাইলের কাজ সম্পন্ন করে তা পরবর্তী দপ্তরে পাঠাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। আর দক্ষ মানবসম্পদের জন্য  প্রশিক্ষণের আবশ্যিকতা অনস্বীকার্য।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। সভাপতিত্ব করেন মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সাবেক রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল গফুর, আইকিউএসি এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. হরষিত কুমার পাল, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সালাহ্ উদ্দিন সিদ্দিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ উপস্থাপনসহ প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন। 

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত