বিএসএমএমইউতে চলতি বছরে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট শুরু: ডা. শারফুদ্দিন আহমেদ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চলতি বছরে বায়োব্যাংক প্রতিষ্ঠা ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) শুরু হবে আশা প্রকাশ করছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকে হেমাটোলজি বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত ‘নিউ ইয়ার সেলিব্রেশন এন্ড ইয়ার প্লান ডিকলারেশন’ শীর্ষক অনুষ্ঠান এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, ‘এখানে চলমান লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এ জন্য সবার দোয়া চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর এখানে এসে একটি ভাষণে বলেছিলেন, রক্ত শুধু দেওয়া নয়, রক্তের ওপর গবেষণা করতে হবে। গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অচিরেই বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।’
তিনি বলেন, ‘কিডনি ট্রান্সপ্লান্ট নিয়মিত করছি। সুপার স্পেশালাইজড চালু করছি। হেমাটোলজি বিভাগে রোগীদের চিকিৎসায় সময় বেশি লাগার কারণে ডে কেয়ার সেন্টার চালু করার চিন্তাভাবনা করছি। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেমাটোলজি বিভাগ খোলা ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ প্রমুখ। এ ছাড়া হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।
এএইচ