সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এনায়েত
মেডিভয়েস রিপোর্ট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।
আজ রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৮’এর ধারা ১১(১) অনুসারে অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, প্রাক্তন মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঢাকা-কে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।’
ক. ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ চার বছর হবে।
খ. ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর পূর্বের পদের (গ্রেড ১) বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
গ. তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
ঘ. ভাইস-চ্যান্সেলর ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৮’এর ধারা ১২ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন এবং
ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
‘জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।