০৯ ডিসেম্বর, ২০২২ ০৭:১৫ পিএম

‘বিএসএমএমইউ থেকে ডিগ্রি নেওয়া চিকিৎসকরা দেশ-বিদেশে অবদান রাখছেন’

‘বিএসএমএমইউ থেকে ডিগ্রি নেওয়া চিকিৎসকরা দেশ-বিদেশে অবদান রাখছেন’
তিনি বলেন, আমরা করোনাকালে প্রমাণ করেছি বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বমানের চিকিৎসা দিতে পারেন, সেই সক্ষমতা আমরা দেখাতে পেরেছি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিগ্রি নেওয়া চিকিৎসকরা দেশ এবং বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসক, শিক্ষক ও গবেষক হিসেবে বিশেষ অবদান রাখছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে মেডিভয়েসকে এ কথা জানান তিনি।

ডা. মোশাররফ হোসেন বলেন, ‘শান্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কোনো বাঁধা-বিপত্তি ছাড়াই নিরাপদে পরীক্ষার্থীরা হলে আসতে পেরেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার বিষয়ে সহায়তায় করেছেন।’

অন্যান্য বছরের তুলনায় এবার উপস্থিতির হার অনেক বেশি ছিল জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার উপস্থিতির হারও অনেক বেশি ছিল। গত বছর পাঁচ শতাংশের এর মতো অনুপস্থিত ছিল, এবার তা দুই শতাংশের বেশি হবে না। গত বছর আসন সংখ্যা ছিল এক হাজার ১০০ এর মতো, এবার তা আমরা বৃদ্ধি করে ১ হাজার ৪১৪ আসনে উন্নীত করেছি। বিশেষ করে যেসব বিষয়ে চিকিৎসকের স্বল্পতা আছে সেসব বিষয়ে আসন সংখ্যা বাড়িয়েছি।’

বিএসএমএমইউ’র প্রো-ভিসি বলেন, ‘বিভিন্ন দেশের রোগীরা আমাদের দেশে এসে চিকিৎসা নেন। তারা আমাদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রশংসা করেছেন। তারা বলেছেন, আমরা জানতাম না এত সুন্দর হাসপাতাল আছে বাংলাদেশে। এটি আমাদের চিকিৎসকদের জন্য সৌভাগ্যের বিষয়, অর্জনের বিষয়, গর্বের বিষয়। আমরা মনে করি, আমাদের এই চিকিৎসা, শিক্ষা ও গবেষণাকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সহযোগিতায় আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।’

বিএসএমএমইউ থেকে ডিগ্রি নেওয়া চিকিৎসকেরাই দেশ-বিদেশে অবদান রাখছে জানিয়ে প্রো-ভিসি আরও বলেন, ‘বিএসএমএমইউ থেকে যেসব চিকিৎসকেরা ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, তারাই সারা বাংলাদেশে এবং বিদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসক, শিক্ষক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা করোনাকালে প্রমাণ করেছি, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বমানের চিকিৎসা দিতে পারেন, সেই সক্ষমতা আমরা দেখাতে পেরেছি।’

প্রসঙ্গত, এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় এক হাজার চারশ সাতটি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১৭৪ জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত