‘চালকদের নিয়মিত চোখ পরীক্ষায় ঠেকানো সম্ভব বহু মৃত্যু’
মেডিভয়েস রিপোর্ট: চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করানো হলে, প্রতি বছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
চালকদের চোখের রোগের কারণে রাতের বেলায় অনেক সড়ক দুর্ঘনা ঘটে জানিয়ে ডা. শারফুদ্দিন বলেন, ‘তাদের অনেকেই এক চোখে দেখে, অন্য চোখে দেখে না। এতে রাতের বেলায় দেখার ভারসাম্য হারিয় ফেলেন চালকরা। সচেতনতার অভাবে তারা চোখ পরীক্ষা করান না। ফলে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। এজন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা উচিত।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এসিআরে (বার্ষিক গোপন প্রতিবেদন) শারীরিক পরীক্ষার একটি সনদ জমা দিতে হয়। এ সময় সরকারি কর্মকর্তারা যেনো, অন্যান্য সকল পরীক্ষার সাথে চক্ষু পরীক্ষাও করান-সে বিষয়ে জোর দিতে হবে।’
শিশুদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে ভিসি বলেন, ‘অনেক শিশুর পরীক্ষা ভাল না করা ও মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পিছনে এই চক্ষু রোগ দায়ী। এ সমস্যা সমাধানের জন্য পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তির আগে শিশুদের চক্ষু পরীক্ষা করাতে হবে।’
ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ কাফী, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান ও কার্য নির্বাহী সদস্য ছলিম উল্লাহ মেজবাহ।
-
১৮ নভেম্বর, ২০২১