বছরে চোখের ছানি রোগে আক্রান্ত এক লাখ ৮০ হাজার মানুষ
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতি বছর নতুন করে চোখের ছানি রোগে আক্রান্ত হয় এক লাখ ৮০ হাজার মানুষ। এ রোগ প্রতিরোধে চোখের যত্নের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. শারফুদ্দিন বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষকে চোখের পরীক্ষা করা উচিত। এতে ব্যক্তি জীবনে যেমন ভালো ফলাফল বয়ে আনে, জাতীয় জীবনে এর ইতিবাচক প্রভাব রয়েছে। চোখ ওঠা, লাল হওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। এগুলোতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরীক্ষা করে দেখতে হবে আসলে চোখের মূল সমস্যাটা কী হয়েছে। আমাদের দেশে প্রতি বছর নতুন করে চোখের ছানি রোগে আক্রান্ত হয় এক লাখ ৮০ হাজার মানুষ। তাই চোখের যত্নের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, চোখকে ভালোবাসুন, ভালো না বাসলে চোখের ক্ষতি হয়ে যেতে পারে। ৪০ বছর হয়ে গেলেই চোখে সমস্যা শুরু হতে পারে। ছোটদেরও এক ধরনের সমস্যা দেখা দেয়।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, চোখ দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই চোখের পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন। এটাকে অবহেলা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের চোখের যত্ন নেওয়া উচিত। শারীরিক সুস্থতা না থাকলে মানসিক সুস্থতা থাকা যায় না।
ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, সময় মতো চোখের চিকিৎসা নিতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চোখের চিকিৎসা নেওয়া আমাদের অন্যতম একটি কাজ।’