‘পুষ্টির চিন্তা নেই, মজা লাগলেই মানুষ খায়’
মেডিভয়েস রিপোর্ট: প্রয়োজনের অতিরিক্ত খাবার শরীরের কোনো কাজে লাগে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘স্কেলিং আপ নিউট্রেশন (সান) পলিসি ডায়ালগ ২০২২’শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. মু. আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমান সময়ে শুধু মজা লাগলেই মানুষ খেয়ে থাকে। খাদ্য গ্রহণে পুষ্টির কথা কারো চিন্তায় নেই। আগে মায়েরা শিশুকে পুষ্টিকর খাবার দিতেন যাতে মেধা ও শক্তি বৃদ্ধি পায়। এখন দেখা যায় শিশুরা খাচ্ছে শুধু খাওয়ার জন্য। ’
সচিব বলেন, প্রয়োজন ছাড়া বেশি যা খাওয়া হয় তা শরীরের কাজে লাগে না। এখন অনলাইনে খাবার অর্ডার দিলে বাসায় চলে আসে,আর শিশুরা বসে গেইমস খেলে আর খায়। এমনকি ডাইনিং টেবিলেও খেতে যায় না। এসব অবস্থার কারণে স্থুলতা,ফ্যাটি লিবারসহ বিভিন্ন সমস্যা বাড়ছে।
শুধু কর্মকর্তা নিয়োগ করে সফলতা অর্জন সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন,পুষ্টি সম্পর্কে পরিবারকে সচেতন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার সচেতন না হলে শিশুরা স্থুল হবে। পুষ্টির জন্য কমিউনিটি লেভেলে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জাপানে ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও নিউট্রিশন ফর গ্রোথ (এনফরজি) সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি প্রতিশ্রুতির মাধ্যমে অপুষ্টি মোকাবিলা করার অঙ্গীকার করেছিলেন। এ প্রতিশ্রুতি পুরণে শুধুমাত্র একটি মন্ত্রণালয় কাজ করলে হবে না। দেশের প্রত্যেকটি মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব।
জাতীয় পুষ্টি সার্ভিসের (এনএনএস) প্রোগ্রামের লাইন ডিরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সার্ভিসের (এনএনএস) প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. এম ইসলাম বুলবুল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক প্রমুখ।