ওষুধে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হয়েছি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালগুলোতে মানুষ ঠিকমতো সেবা পাওয়ার জন্য কঠোর তদারকির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সব হাসপাতালে শক্ত তদারকির ব্যবস্থা করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে মানুষ যেন ঠিকমতো সেবা পায়, সে লক্ষ্যে আমরা নানা পদক্ষেপ নিয়েছি, যার সুফল অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সামনে প্রতীয়মান হবে।
স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউটসহ অসংখ্য ইনস্টিটিউট করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাসপাতালগুলোতে নতুন করে ৪০ হাজার শয্যা বেড়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগে নতুন করে ৭ হাজার সিট বেড়েছে। আমরা শতভাগ ওষুধে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতর শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যার মধ্যে রয়েছে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, যা আগে ছিল না। প্রায় ২৫টি মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি খাতে স্থাপন করেছেন।