মেডিকেলে সপ্তাহে দুই দিন ছুটির সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজগুলোতে দুই দিন সাপ্তাহিক ছুটির বিষয়ে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
মেডিকেলে সপ্তাহে দুই দিন ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সচিব মহোদয় নির্দেশনা দিলে আমরা জানাবো। তিনি মন্ত্রী মহোদয়ের সিদ্ধান্তের আলোকে নির্দেশনা দেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের না। তাঁরা সিদ্ধান্ত নিলে আমরা বাস্তবায়ন করবো। এটা জানার জন্য আমি এখন মন্ত্রণালয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে সচিব ও মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা হবে। তখন জানা যাবে।’
এর আগে সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ছে।
তিনি বলেন, কবে থেকে তা কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন দেবে।
এর পর থেকে মেডিকেলে সপ্তাহে দুই দিন ছুটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সংখ্যক চিকিৎসক-শিক্ষার্থী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই দিন ছুটি চেয়ে এর যৌক্তিকতা তুলে ধরেন। তবে তাঁদের একটি অংশ দুই দিন সাপ্তাহিক ছুটি মেডিকেল শিক্ষায় ক্ষতি ডেকে আনবে বলে মত দেন।
মেডিকেলে সাপ্তাহিক ছুটির বিষয়ে জানতে একই দিন স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে মেডিভয়েস থেকে যোগাযোগ করা হয়। তবে কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি।