দুর্নীতি: পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস
মেডিভয়েস রিপোর্ট: ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও দুর্নীতির দায়ে অভিযুক্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাছের উদ্দিনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২০ জুলাই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে,‘পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রোগ্রামার পদে পদায়নকৃত মো. নাছের উদ্দিন ২০১৭-২০১৮ অর্থ বছরে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য মেডিসিন, সার্জিক্যাল অ্যান্ড ইকুইপমেন্টস ও প্যাথলজিক্যাল আইটেমসমূহ ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন।’
এতে আরও বলা হয়েছে, ‘তিনি বাজার দর যাচাই কমিটির সদস্য হিসেবে অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নিয়ে বিদ্যমান বাজার দর অনুসরণ না করে মনগড়া ও ভিত্তিহীন দরকে বিবেচনায় নিয়েছেন। অনুমোদিত এমআরপি ও এমএসআর রেইটের ঊর্ধ্ব দরে বাজার দর যাচাই প্রতিবেদন দাখিলের মাধ্যমে একে অপরের সহযোগিতায় সরকারি ১,৩৮,২৮,৯৫৮.৭৯ (এক কোটি আটত্রিশ লক্ষ আটাশ হাজার নয়শত আটান্ন টাকা উনআশি পয়সা) টাকা আত্মসাতে সহযোগিতা করেছেন।’
‘ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে একে অপরের সহযোগিতায় সরকারি টাকা আত্মসাৎ, প্রতারণা এবং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ কর্তৃক ১৭/১২/২০১৯ তারিখে দ.বি. ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। মামলা নং ১৯’, উল্লেখ করা হয় নোটিসে।
ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে আরও বলা হয়েছে, ‘নাসির উদ্দিন সরকারি টাকা আত্মসাতে সহযোগিতা করেছেন এবং বিভাগীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(ঘ) মোতাবেক অসদাচরণ ও দুর্নীতির দায়ে দোষী হিসেবে গণ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনার এহেন কার্যকলাপের জন্য আপনাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও (ঘ) মোতাবেক ‘অসদাচরণ’ এবং দুর্নীতি’ এর অভিযোগে অভিযুক্ত করা হলো। ’
‘এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক ‘অসদাচরণ’ এবং দুর্নীতি’ এর অভিযোগে কেন আপনাকে সরকারি চাকরি হতে বরখাস্তকরণ’ দণ্ড প্রদান করা হবে না বা উক্ত বিধিমালার আওতায় অন্য কোন উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না,তা পত্র প্রাপ্তির ১০ (সাত) কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো। একই সঙ্গে আত্নপক্ষ সমর্থনে আপনি ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কিনা তাও আপনার লিখিত জবাবে উল্লেখ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
অবগতি ও কার্যার্থে নোটিসটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।