‘সঠিকভাবে দায়িত্ব পালন না করলে বেতন বৈধ হবে না’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরতদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ঈদুল আজহা হলো আত্মত্যাগের ঈদ। কিভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয়, তা শেখায় ঈদুল আজহা। আমরা যার যার দায়িত্ব ঠিক মতো পালন করবো। সময় মতো ও সঠিকভাবে দায়িত্ব পালন না করলে, আমরা যে বেতন পাবো তা বৈধ হবে না।’
তিনি বলেন, জাতির পিতার নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব সহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে অধ্যাপক শারফুদ্দিন বলেন, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়িত করার মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
এর আগে শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।