ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিদর্শকের লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: হবিগঞ্জে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক জ্যোতিষ দাসের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে স্বাস্থ্য কেন্দ্রের দরজা ভেঙ্গে ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জ্যোতিষ কুমার দাস সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৭ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি আতকুড়া গ্রামের বাসিন্দা জয় কিশোর দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতিষ কুমার দাস তার কর্মস্থল সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রাতে থাকতেন। রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন এসে স্বাস্থ্য কেন্দ্রের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তারা কিছুক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে রাত ১০টায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখতে পান।
বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন মেডিভয়েসকে জানান, শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জ্যোতিষের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।